রোহিঙ্গা সমস্যা সমাধান ও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য বিশ্বাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন।

শুক্রবার দুপুর কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

‘ওআইসি’র মহাসচিব কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জেলা প্রশাসন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থাসহ বিভিন্ন ‘এনজিও’র কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন।

এই বৈঠকে মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং নির্যাতিতদের কথা শোনেন।

বৈঠক শেষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং বিভিন্ন ক্যাম্পের ব্লকগুলো ঘুরে দেখেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব বাকি বিল্লাহ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেনসহ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন বুধবার চারদিনের সফরে ঢাকায় আসেন। নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ঢাকা সফর।

ঢাকায় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও এরইমধ্যে সাক্ষাৎকরেছেন।

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখার জন্য এবং তাদের সঙ্গে ওআইসি’রর একাত্মতা প্রদর্শনের জন্য তিনি কুতুপালং ক্যাম্প ও কক্সবাজারের আশেপাশের অঞ্চল ঘুরে দেখেন।

জেড