পাকিস্তানের খাইবার এলাকায় দেশটির বিমান বাহিনীর চালানো হামলায় অন্তত ৩৪ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। বুধবার এ হামলা চালানো হয় বলে দাবি করেছে দেশটির বিমান বাহিনী। তবে, নিহতরা আসলেই তালেবান যোদ্ধা নাকি বেসামরিক নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। খবর ডনের।

জানা গেছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যকায় তালেবানদের বিভিন্ন গোপন অবস্থানে বিমান হামলা চালানো হয়। খাইবার হচ্ছে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার সাতটি স্বায়ত্তশাসিত এলাকার একটি। এই সাতটি অঞ্চল উপজাতীয় আইন দ্বারা পরিচালিত হয়। অঞ্চলগুলো আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

ধারণা করা হয়, তিরাহ উপত্যকা হচ্ছে তেহরিক-ই-তালেবান (টিটিপি) ও লস্কর-ই-ইসলামের মূল আস্তানা। তারা বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে কখনো কখনো সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে চলে যায়।

উল্লেখ্য, গত বছর করাচি আনন্তর্জাতিক বিমানবন্দরে টিটিপি হামলা চালানোর পর উত্তর ওয়াজিরিস্তানে জারব-ই-আযব নামে এক অভিযান শুরু করে। গত বছরের জুন থেকে শুরু হওয়া অভিযান এখনো শেষ হয়নি। অভিযানে সেনাবাহিনী, বিমান বাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীও অংশ নিয়েছে।

এমএ