রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল বলেছেন, তাদের প্রতিবেশী দেশগুলোকে ন্যাটোর সদস্য করার পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।
ল্যাভরভ বলেছেন, রাশিয়ার সীমান্ত পর্যন্ত ন্যাটো জোটের পরিধি বিস্তারের চেষ্টা আমরা মানবো না। তিনি ন্যাটোর এ উদ্যোগের বিপরীতে বলেছেন, ইউরো আটলান্টিক অঞ্চলের দেশগুলো মিলে আমরা আঞ্চলিক নিরাপত্তা গড়ে তুলতে পারি। তবে এ ক্ষেত্রে ন্যাটোর বিস্তার ঠেকানোর ওপরই আঞ্চলিক সহযোগিতার বিষয়টি নির্ভর করছে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। সের্গেই ল্যাভরভ সম্প্রতি পূর্ব ইউরোপে পাশ্চাত্য বিশেষ করে আমেরিকার তৎপরতার কথা উল্লেখ করে বলেছেন, পাশ্চাত্যের নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থায় ইউক্রেনকে একীভূত করে প্রাচ্য থেকে দেশটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে।
ইউক্রেনের কর্মকর্তারা সম্প্রতি ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য ব্যাপক তৎপরতা চালায়। ইউক্রেনের প্রধানমন্ত্রী অর্সেনি ইয়াত সুনিউক গত ৩ সেপ্টেম্বর জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্য পদ থেকে নিজেদের নাম প্রত্যাহারের জন্য সংসদের প্রতি আহবান জানান যাতে ন্যাটো জোটে যোগ দেয়ার পথ সুগম হয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সংবিধানে ন্যামের সদস্যপদের কথা উল্লেখ রয়েছে এবং এ বিষয়টি রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ন্যাম থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে ইউক্রেনের কর্মকর্তাদের এ ধরণের বক্তব্য তাদের স্বার্থই রক্ষা করবে যারা রাশিয়ার সঙ্গে ইউক্রেন ও ইউরোপের মধ্যে ফাটল ধরাতে চায়।
মস্কো মনে করে, এ ধরণের পরিকল্পনার পেছনে আমেরিকার হাত রয়েছে এমনকি আমেরিকা এ ব্যাপারে তাদের উদ্দেশ্যের বিষয়টিও গোপন রাখার চেষ্টা করছে না। রুশ কর্মকর্তারা মনে করেন, ন্যাম জোট ইউক্রেন ও তার প্রতিবেশী দেশগুলোর জনগণের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, আমেরিকা তার ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে ইউরোপ থেকে রাশিয়াকে আলাদা করে মস্কোকে কোণঠাসা করার পাশাপাশি আন্তর্জাতিক সমাজকে রাশিয়ার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। তবে তিনি এও বলেছেন, রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার মার্কিন চেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইউরোপ থেকে রাশিয়ার আলাদা হয়ে যাওয়ার মাধ্যমে আমেরিকা এ অঞ্চলে তার স্বার্থ দেখতে পাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এসব বক্তব্য দিলেন যখন আমেরিকা সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া রাশিয়ার বেশ ক’জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে আমেরিকার এ পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে মস্কো হুঁশিয়ার করে দিয়েছে।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টআই





