ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদীর নিহতের গুজব উড়িয়ে দিয়ে অডিও বার্তা প্রকাশ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার তার এই অডিও বার্তাটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে আলজাজিরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই অডিওটিতে বাগদাদি যুক্তরাষ্ট্র এবং তার দোসরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আইএসের একজন যোদ্ধা বেঁচে থাকতে এই লড়াই থামবে না।’সাম্প্রতিক হামলায় তার যে কোনো ক্ষতি হয়নি তা জানাতেই মূলত এই অডিও বার্তা প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে অবশ্য এই অডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তবে বিবিসি সংবাদদাতারা বলছেন, রেকর্ডকৃত অডিওটি শুনে আসল ও সম্প্রতি রেকর্ড করা হয়েছে বলেই মনে হচ্ছে। ওই অডিও বার্তায় জিহাদের ডাক দিয়েছেন বাগদাদি।
১৭ মিনিটের ওই অডিও বার্তায় বাগদাদী বলেন, আইএস নেতাদের লক্ষ্য করে চালানো বিমান হামলা ব্যর্থ হয়েছে। তবে ওই হামলার ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।
বার্তায় শত্রুদের ওপর হামলা অব্যাহত রাখতে সমর্থকদের প্রতি আহ্বান জানান আইএসপ্রধান। তিনি বলেন, ‘ইসলামী খিলাফত ফিরে আসায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।’
বাগদাদী বলেন, ‘মুসলিমরা নিশ্চিত হও, তোমাদের রাষ্ট্র ভালো ও সর্বোত্তম অবস্থায় আছে।আল্লাহর আদেশে এই অভিযান চলতেই থাকবে। মুজাহিদরা রোমে পৌঁছা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘শিগগিরই ইহুদি ও ক্রুসেডাররা (ধর্মযোদ্ধা) স্থলযুদ্ধে নামতে বাধ্য হবে। তাদের সেনারা সেখানে নিহত ও ধ্বংস হবে।’
প্রসঙ্গত, গত শুক্রবার আইএস নেতাদের বৈঠক লক্ষ্য করে ইরাকের মসুলে বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। ওই হামলায় বাগদাদী আহত অথবা নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে যুক্তরাষ্ট্র বা ইরাক প্রশাসন এ সংবাদ নিশ্চিত করেনি।
এমএ





