ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অব্যাহত বিমান হামলায় চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ২৫ হাজারেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন জানিয়েছেন, মাত্র ২০ মাসের ব্যবধানে যৌথ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় আইএসের অর্ধেক সদস্য কমে গেছে এবং এর অনেক শীর্ষ নেতা নিহত হয়েছে।

তিনি জানান, যুদ্ধের প্রথম দিকে কালোবাজারে তেল বিক্রি করে প্রতিদিন লাখ লাখ ডলার আয় করত আইএস। সেই আয় দিয়ে তারা বিশাল সেনাবাহিনীর খরচ চালাত। কিন্তু মার্কিন জোট বিমান হামলা চালিয়ে ওই তেলক্ষেত্রগুলো ধ্বংস করে দেওয়ায় আইএসের আয়ের পথ বন্ধ হওয়ার পথে। এর ফলে আইএস সেনাসংখ্যা কমাতে বাধ্য হয়েছে।

ওয়ারেন বলেন, গত তিন সপ্তাহে সিরিয়া ও ইরাকে মার্কিন হামলায় ৬০০ আইএস সদস্য নিহত হয়েছে। আইএসের বিরুদ্ধে লড়াইকে বক্সিং খেলার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘বক্সারের মতো আইএস তার দেহের মধ্যস্থানে প্রচণ্ড আঘাত পেয়েছে।

আমরা বিশ্বাস করি, এর হাঁটু দুর্বল হয়ে গেছে এবং মাথা নুইয়ে পড়তে শুরু করেছে। গত ২০ মাসে আমরা তাদের ওপর যে ব্যতিক্রমী চাপ সৃষ্টি করেছি, তার প্রতিক্রিয়া তারা অনুভব করতে শুরু করেছে।’

এম আর