মার্কিন প্রেসিডেন্টের আবাসিক কার্যালয় হোয়াইট হাউজে পাঠানো একটি চিঠির খামে সায়ানাইড মাখা রয়েছে বলে পরীক্ষায় ধরা পড়েছে।

এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হোয়াইট হাউজ ও মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী- সিক্রেট সার্ভিস।

হোয়াইট হাউজের বাইরে একটি চিঠি বাছাই ও পরীক্ষা করার কেন্দ্রে এ খাম পাওয়া গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আরো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সায়ানাইড মাখা চিঠিটিকে আরেক কেন্দ্রে পাঠানোর কথাও এতে জানানো হয়।

অবশ্য, প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠিটি লেখা হয়েছিল কিনা বা কিসের ভিত্তিতে এ চিঠিকে সন্দেহ করে প্রথম পরীক্ষা চালানো হয়েছিল সে বিষয়ে কিছুই জানায়নি মার্কিন সিক্রেট সার্ভিস। বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে তদন্ত চলছে এবং জানানোর মতো অতিরিক্ত কোনো তথ্য সিক্রেট সার্ভিসের হাতে নেই।

আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর কয়েক দফা হোয়াইট হাউজসহ মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে অ্যানথ্রাক্সমাখা চিঠি পাঠানো হয়েছে। তখন থেকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় রেখে হোয়াইট হাউজের চিঠি বাইরে দূরবর্তী একটি এলাকায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অবশ্য নিরাপত্তা ব্যবস্থায় নানা শিথিলতা ও কর্মীদের অশোভন আচরণের কারণে সম্প্রতি কঠোর সমালোচনায় পড়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।সূত্র: আইআরবি।

ইআর