অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করে ইউক্রেনের সরকারি বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে রুশপন্থী বিদ্রোহীরা। গত চব্বিশ ঘণ্টায় পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের হামলায় অন্তত চার জন সেনা নিহত হয়েছেন বলে সোমবার দাবি করেছে ইউক্রেন সরকার। খবর রয়টার্সের।
জানা গেছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দুটি শহরের মধ্যবর্তী এলাকা দেবালৎসেভে গোলা হামলা চালিয়েছে বিদ্রোহীরা। দোনেৎস্ক ও লুহানস্ক শহরের মাঝামাঝিতে অবস্থিত দেবালৎসেভে সোমবার সকালেও হামলা করেছে সশস্ত্র বিদ্রোহীরা।
সেনাবাহিনী দাবি করেছে, এ সব হামলায় তারা চার সৈনিককে হারিয়েছে। এ ছাড়া বিদ্রোহীদের হামলায় আহত হয়েছেন আরও ২১ জন।
দেবালৎসেভ থেকে ১০ কিলোমিটার পশ্চিমের শহর ভুলাহাস্কে কর্মরত রয়টার্সের এক প্রতিনিধি জানিয়েছেন, প্রতি ১০ সেকেন্ডে তিনি একটি করে গোলার শব্দ শুনতে পেয়েছেন।
ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র আনাতোলি স্টিলমাখ বলেছেন, গত চব্বিশ ঘণ্টায় সরকারিবাহিনীকে লক্ষ্য করে বিদ্রোহীরা অন্তত ১১২টি হামলা করেছে। তিনি জানান, অবৈধভাবে অস্ত্রধারীদের গ্রুপটি অস্ত্রবিরতির চুক্তি মানছে না।
সম্প্রতি দেবালৎসেভে হামলার পরিমাণ বেড়েছে। অস্ত্রবিরতি শুরু হওয়ার আগে শনিবার দেবালৎসেভে সংঘর্ষে অন্তত ২৮ জন নিহত হয়েছিলেন। একই অঞ্চলে এর আগের দিন বিদ্রোহীদের হামলায় অন্তত আট সৈনিক নিহত হয়েছিলেন।
প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মান সময় রাত ১০টা থেকে ইউক্রেনে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। বেলারুশের রাজধানী মিনস্কে ফ্রান্স ও জার্মানির উদ্যোগে অস্ত্রবিরতির চুক্তি সম্পন্ন হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: রয়টার্স
এমএ





