পাকিস্তানের পেশোয়ারে স্কুলে তালেবান হামলায় শিশুসহ ১৪৬ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্বের নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতারা এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ ঘটনায় পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা পাকিস্তানের মানুষের পাশে আছি এবং সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করছি।’
শিক্ষার্থী ও শিক্ষকদের আক্রমণের লক্ষ্যবস্তু করাকে জঘন্য ঘটনা আখ্যা দিয়ে ওবামা বলেন, সন্ত্রাসীরা আবারও তাদের বিকৃত মানসিকতার পরিচয় প্রকাশ করেছে। খবর এএফপি, রয়টার্স, ডন, এনডিটিভ।
এএইচ





