পাকিস্থানের উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন ক্যামেরাম্যান। খবর খালিজ টাইমসের

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি টেলিভিশনের সাংবাদিকদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে সন্ত্রাসীরা ওই হামলা চালানো হলে হতাহতের ঘটনা ঘটে।

জেলা পুলিশ প্রধান কাজি জামিল-উর-রহমান মঙ্গলবার বলেন, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সোমবার দিনগত রাতে ওই সন্ত্রাসী হামলায় সাংবাদিক নুর-উল-হাসান নিহত হয়েছেন।

এদিকে এখনও কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার কারণ অণুসন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।

নিহত সাংবাদিক হাসান একটি আঞ্চলিক টেলিভিশনে কর্মরত ছিলেন এবং তার কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না বলে জানা গেছে।

পাকিস্তানে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা খুবই স্বাভাবিক ঘটনা। অনেক সময় এ ধরণের ঘটনায় হামলাকারীদের খুঁজে পাওয়া যায় না।

এম বিল্লাহ