দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার বলেছে, কায়েসং যৌথ শিল্পাঞ্চলে থার্মাল ইমেজিং ক্যামেরা স্থাপনে উত্তর কোরিয়ার অনুরোধের ব্যাপারে তারা সম্মত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়া মার্স ভাইরাস প্রতিরোধে পিয়ংইয়ং এ অনুরোধ করে।

উত্তর কোরিয়া সীমান্তের ১০ কিলোমিটার অভ্যন্তরে কায়েসং শিল্পাঞ্চল অবস্থিত। প্রতিদিন প্রায় ৫শ’ দক্ষিণ কোরিয়ার নাগরিক সেখানে বিভিন্ন কারখানায় কাজ করতে যায়। এসব কারখানায় উত্তর কোরিয়ার প্রায় ৫৩ হাজার কর্মী রয়েছে।

দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘উত্তর কোরিয়ার অনুরোধের প্রেক্ষিতে কায়েসং শিল্পাঞ্চলে স্থাপনের জন্য আমরা বেশ কয়েকটি থার্মাল ক্যামেরা পাঠাবো।’

দক্ষিণ কোরিয়া বর্তমানে মার্স ভাইরাস দমনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। উল্লেখ্য, এটা হচ্ছে সৌদি আরবের বাইরে ছড়িয়ে পড়া সবচেয়ে ব্যাপক মার্স প্রাদুর্ভাবের ঘটনা।

দেশটিতে এ পযর্ন্ত কমপক্ষে ৩৫ জন মার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দু’জন মারা গেছে। এতে সবার মধ্যে এক ধরণের আতংক বিরাজ করছে এবং মার্স ভাইরাসের কারণে দক্ষিণ কোরিয়ায় ৭শ’র বেশী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

জেডআই