ইয়েমেনের সা’দা প্রদেশের আকাশে একটি সৌদি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করেছে বিপ্লবী আনসারুল্লাহ যোদ্ধারা।
আজ (সোমবার) আনসারুল্লাহ যোদ্ধারা সা’দা প্রদেশের নৌশার উপত্যকায় জঙ্গি বিমানটি ভূপাতিত করেছে বলে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন জানিয়েছে। এর আগে, মরক্কোর সেনাবাহিনী জানিয়েছে,ইয়েমেনে হামলা চালাতে গিয়ে তাদের একটি এফ-১৬ জঙ্গি বিমান নিখোঁজ হয়েছে।
সেনাবাহিনীর বরাত দিয়ে মরক্কোর রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘ ম্যাপ’ আজ (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বিমানটি নিখোঁজ রয়েছে।
জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করে গত ২৬ মার্চ থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন ইয়েমেন আগ্রাসনে অংশগ্রহণ করে আসছিল মরক্কোর জঙ্গি বিমান।
জাতিসংঘ জানিয়েছে,সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় ইয়েমেনে এ পর্যন্ত ১,৪০০ জন নিহত এবং ৬,০০০ ব্যক্তি আহত হয়েছে। নিহতের অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক। এছাড়া,ইয়েমেনে সৌদি বাহিনীর অব্যাহত বিমান হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে। রেডিও তেহরান
ইআর





