চিলিতে ৫৩ বছর আগে নামকরা এক ফুটবল দলের খেলোয়াড়দের নিয়ে আন্দিজ পর্বতে হারিয়ে যাওয়া প্লেনটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছে একদল পর্বতারোহী।
পর্বতারোহী দলটি ডগলাস ডিসি-৩ প্লেনটির খোলস খুঁজে পেয়েছে এমনটাই বলছে।
দলটির একজন সদস্য লিওনার্দো আলবর্নোজ বলছেন, প্রায় ১০ হাজার ফিট উঁচুতে তারা খোলসটি দেখতে পেয়েছেন। চারপাশে ছড়িয়ে রয়েছে হাড়গোড়।
রাজধানী সান্তিয়াগো থেকে পর্বতের এই অঞ্চলটির দূরত্ব ৩০০ কিলোমিটারের মতো। ১৯৬১ সালে এপ্রিলের ৩ তারিখ ৩৪ জন যাত্রী নিয়ে আন্দিজ পর্বতে বিধ্বস্ত হয় বিমানটি।
যাত্রী হিসেবে তাতে ছিলেন, চিলির গ্রিন ক্রস ফুটবল ক্লাবের পুরো স্কোয়াড। তাদের মধ্যে তখনকার দিনের দক্ষিণ আমেরিকার ফুটবলের নামকরা কজন স্টারও ছিল। দলের কোচ ও অন্যান্য কর্মকর্তারা ছিলেন যাত্রীদের মধ্যে।
অসর্নো শহরে খেলা শেষে ফিরছিলেন তারা। এরপর থেকেই বিমানটি ও তার যাত্রীদের কোন হদিস মেলে নি। বিমানটির হারিয়ে যাওয়া নিয়ে গড়ে উঠেছে নানান রহস্যময় গল্প। সূত্র:বিবিসি
জেডআই





