কয়েক যুগ ধরে দুই কোরিয়ার বিচ্ছিন্ন থাকা পরিবারগুলোর পুনর্মিলনে সম্মত হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয় সিউলে সোমবার এ কথা ঘোষণা করেছে।
১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরীয় উপদ্বীপে চলা যুদ্ধে এসব পরিবার পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
গত সপ্তাহে এসব পরিবারের সদস্যদের মধ্যে দেখা-সাক্ষাতের বিষয়ে দক্ষিণ কোরিয়া প্রস্তাব দিলে সে বিষয়ে নীরব থাকার পর আজ তাতে সম্মতি দিল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলেছে, আগামী বুধ অথবা বৃহস্পতিবার এ নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তবর্তী পানমুনজম গ্রামে বৈঠকে বসা যেতে পারে।
উত্তরের এ বক্তব্যকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র কিম ইউয়ি-দো। তিনি বলেন, “বিষয়টিকে জরুরিভিত্তিতে অগ্রাধিকার দিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বৈঠকে বসার ব্যবস্থা করব।” বৈঠকের দিন বা সময়সূচি সম্পর্কে শিগগিরি উত্তর কোরিয়ার কাছে জানতে চাওয়া হবে বলেও জানান তিনি।

[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]