কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর গুজরাট মডেলকে ‘ধ্বংসাত্মক ও বিভেদ সৃষ্টিকারী’ হিসেবে অভিহিত করেছেন। একইসঙ্গে গুজরাট মডেলের হাত থেকে ভারতকে রক্ষা করতে সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করেছেন তিনি।
শনিবার পাঞ্জাবের মালওয়া এলাকায় জনসভা এক নির্বাচনী জনসভায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন,  “বিজেপির বহুল প্রচারিত ‘গুজরাট মডেল’ আসলে ‘মোদী মডেল’।  গুজরাট মডেলের ফলে শিখ সম্প্রদায় গত ৫০ বছর ধরে গুজরাটে বসবাস করতে পারে না।”
কোনো কোনো মহল মোদীকে অন্যায়ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে মহান দেখানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
সোনিয়া বলেন, গুজরাট মডেল বলে আসলে কিছু নেই। মোদী খেয়ালখুশিমতো যা করেন, চাটুকাররা তাকেই 'মডেল' হিসেবে প্রচার করতে চাইছেন। গুজরাটের সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সোনিয়া আরো বলেন, গ্রামের কৃষককদের জমি কেড়ে নিয়ে তাদের ঘরছাড়া করা হয়েছে। গ্রামবাসীরা পানিও পান না। ৫ বছর পর্যন্ত শিশুরা অপুষ্টিতে ভুগছেন। যারা দৈনিক ১১ টাকা রোজগার করেন, তারা দারিদ্রসীমার নিচে বলে গণ্য হয় না। ৪৫ হাজার একর জমি শিল্পপতিদের ন্যূনতম দামে বিলিয়ে দেয়া হয়েছে। এই মডেলে কার্যকর হলে ধ্বংসের পথে এগিয়ে যাবে দেশ।
বিজেপির সমালোচনা করতে গিয়ে কংগ্রেস সভানেত্রী বলেন, বিজেপি যদি  ধ্বংসাত্মক ও বিভেদ নীতির জন্য পরিচিত হয়, তাহলে কংগ্রেস দরিদ্র ও কৃষকের অধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত। এখন ভারতবাসীকে ভেবে দেখতে হবে তারা আসলে কী চান। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]