গাজা উপত্যকায় বর্বর ইসরাইলি সেনাদের পাশবিক হামলায় এক গর্ভবতী নারী ও ইসলামি জিহাদ আন্দোলনের এক নেতা নিহত হয়েছেন।

গাজার জরুরি বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, শুক্রবার মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে ২৩ বছর বয়সি এক ফিলিস্তিনি গর্ভবতী নারী নিহত হন। তবে চিকিৎসকরা তার গর্ভস্থ সন্তানের জীবন রক্ষা করতে পেরেছেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে আরেকটি বিমান হামলায় ১২ ও ১৫ বছরের দুই ছেলেসহ জিহাদ নেতা সালাহ হুসেইন নিহত হন। গাজা উপত্যকার দ্বিতীয় বৃহত্তম ইসলামি প্রতিরোধ আন্দোলন হিসেবে দীর্ঘদিন ধরে ইসরাইল বিরোধী লড়াই করে আসছে জিহাদ।

এ নিয়ে টানা গত ১৮ দিনের ইসরাইলি বর্বরতায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ৮১৮। মানবতার শত্রু ইসরাইল শুধুমাত্র গতকাল বৃহস্পতিবার একদিনেই ১০০ জনের বেশি নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করে। এদের মধ্যে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরাইলের পাশবিক হামলায় অন্তত ১৬ জন নারী ও শিশু নিহত হয়।

এদিকে গত ১৮ দিনে ইসরাইলের অন্তত ৬০ সেনাকে হত্যা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। অবশ্য তেল আবিব তার ৩২ সেনা ও তিন বেসামরিক নাগরিকের নিহত হওয়ার কথা স্বীকার করেছে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ