পাকিস্তানের চলমান আন্দোলনের দুই নেতা ইমরান খান ও ড. তাহিরুল কাদরির নামে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। এছাড়া, এ দু জনের নামে রাজধানীর রেড জোনে ভাংচুর করার অভিযোগে দায়ের করা হয়েছে আরো একটি মামলা।

এর বিপরীতে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ক্ষমতায় থাকার বৈধতা চ্যালেঞ্জ করে তার বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে নওয়াজ শরীফ অসত্য কথা বলে শপথ ভঙ্গ করেছেন।

এদিকে, এরইমধ্যে সিন্ধু প্রদেশে ইমরান খানের পিটিআই দলের সংসদ সদস্যরা পদত্যাগ করেছেন। আলতাফ হোসেইনের নেতৃত্বাধীন মুত্তাহিদা কওমি মুভমেন্ট চলমান আন্দোলনে যোগ দেয়ার ইঙ্গিত দিয়েছে। সর্বশেষ খবর পর্যন্ত বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার জন্য রওয়ানা হয়েছে।

পরিস্থিতির জটিলতায় প্রধান বিচারপতি নাসির-উল মুলক সুপ্রিম কোর্টের ১৬ জন বিচারপতিকে তলব করেছেন। সরকার ও পিটিআইকে আবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামির আমির সিরাজুল হক। পিটিআই’র বহিষ্কৃত সভাপতি শাহ মাহমুদ কোরেশি নিজেকে এখনো দলের বৈধ সভাপতি দাবি করে বলেছেন, ইমরান খান অন্যের নীলনক্শা অনুযায়ী কাজ করছেন। সূত্র: আইআরআইবি


ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই