ইউক্রেনের পূর্ব অঞ্চলের লুহানস্ক শহরের প্রশাসনিক ভবন দখল করে নিয়েছে একদল রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী।
তারা ভবনটিতে প্রবেশের পর ভাংচুর চালায় এবং 'গণভোট রাশিয়া' বলে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাশিয়ার পতাকা উত্তোলন করে।
রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ বলেছেন, ইউক্রেনের পূর্ব অঞ্চলে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।
কিন্তু বাস্তবতা হচ্ছে, পূর্ব অঞ্চলের ১২টিরও বেশি শহরের সরকারি ভবন দখল করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। 
এর আগে এ শহরে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা স্টেট সিক্যুরিটি সার্ভিস (এসবিইউ)’র স্থানীয় দফতর দখল করে নিয়েছিল বিক্ষোভকারীরা। এই প্রথম তারা আঞ্চলিক সরকারি ভবনের সামনে সমবেত হয় এবং পুলিশ তাদের প্রায় কোনো বাধাই দেয়নি।
ইন্টারনেটে দেয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলমেট ও ক্যামোফ্লেজ পোশাক পরিহিত অনেকেই ভবনের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর এক সহযোগী বলেছেন, আঞ্চলিক নেতারা পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করছে না এবং স্থানীয় পুলিশের কোনো তৎপরতাই নেই। এরপর বিচ্ছিন্নতাবাদীরা স্থানীয় টিভি কেন্দ্র দখল করে নেবে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]