পাকিস্তানের পেশোয়ারে ওলামা ও রাষ্ট্রদূতদের নিয়ে শান্তি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ওআইসি (অর্গেনাইজেশন অব ইসলামিক কোঅপারেশন)।

মুসলিম দেশগুলোকে একত্রিত করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নীতিমালা প্রণয়নে এ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইয়াদ আমিন মাদানী।

পেশোয়ারে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাকের সঙ্গে শনিবার এক বৈঠকের পর এ ঘোষণা দেন মাদানী। তবে সম্মেলনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করেন তিনি।

এ সময় আর্মি পাবলিক স্কুলে চালানো তালেবান হামলার নিন্দা ও নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ওআইসি মহাসচিব। তিনি নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মাদানী বলেন, সন্ত্রাসীদের পাকিস্তানি, মুসলিম বা মানুষ নামে চিহ্নিত করা উচিত নয়। অমানবিক আচরণের কারণে তারা কোনো ধরনের সহানুভূতি পেতে পারে না। আমি ওআইসি’র সদস্যদের পক্ষ থেকে এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বৈঠকের পর তিনি পেশোয়ারে হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান। সূত্র: ডন।

কেএইচ