ইরাকে শিরশ্ছেদের শিকার মার্কিন সাংবাদিকের মুক্তির জন্য ১৩২ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করেছিল ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার রাতে এই নতুন তথ্য জানিয়েছেন নিহত সাংবাদিক জেমস ফলির চাকরিদাতা প্রতিষ্ঠান গ্লোবালপোস্ট-এর প্রধান নির্বাহী। খবর বিবিসি'র।
গ্লোবালপোস্টের প্রধান নির্বাহী (সিইও) ফিলিপ বালবোনি বৃহস্পতিবার জানান, গত বছর মুক্তিপণের এই অর্থ দাবি করে আইএস। উল্লেখ্য, সাংবাদিক জেমস ফলিকে ২০১২ সালের নভেম্বরে অপহরণ করে আইএস যোদ্ধারা। চলতি সপ্তাহে ফলির শিরশ্ছেদ করার ভিডিও ইউটিউবে প্রকাশ করে আইএস। ইরাকের উত্তরাঞ্চলে আইএসের অবস্থান লক্ষ্য করে মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতেই তার শিরশ্ছেদ করা হয় বলে জানিয়েছে তারা।
আইএস-এর হাতে আরেকজন মার্কিন সাংবাদিক আটক রয়েছে। বিমান হামলা অব্যাহত রাখলে তাকেও একইভাবে হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইএস। তবে, হুঁশিয়ারি সত্ত্বেও বৃহস্পতিবার মসুলে আইএস-এর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।
এদিকে, শিরশ্ছেদকারী আইএস সদস্য ব্রিটিশ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কেননা তার কথাবার্তার ধরন ব্রিটিশদের মতো। তাকে শনাক্ত করার চেষ্টা করছে ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। ওই ব্যক্তি লন্ডন বা দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের অধিবাসী বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





