কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সীমান্তরক্ষীদের মধ্যে প্রচণ্ড গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন পাকিস্তানের এবং একজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। বুধবার রাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ সংঘর্ষ চলে। খবর ডন ও এনডিটিভির।

পাকিস্তানি সেনার গুলিতে সকারগড় সেক্টরে এক বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) সদস্য নিহতের দাবির পরপরই ব্যাপক গোলাগুলি শুরু হয়। এ সময় জম্মু ও কাশ্মীর সীমান্তে চার পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স সদস্য নিহত হয়।

বিএসএফের ইন্সপেক্টর জেনারেল রাকেশ শর্মা জানান, জম্মু ও কাশ্মীরের সাম্বা সীমান্তে বুধবার চার পাকিস্তানী সীমান্তরক্ষী নিহত হয়েছে।

এ ঘটনার পরপরই পাকিস্তানি সেনারা ওই সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। এ সময় অন্তত ১২টি সীমান্তচৌকিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সেনাদের মৃতদেহ নেওয়ার জন্য পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হলে গোলাগুলি বন্ধ করা হয়।

উভয় দেশের সীমান্তে অস্ত্রবিরতির ব্যাপারে ২০০৩ সালে চুক্তি হলেও প্রায়ই তা ভঙ্গের ঘটনা ঘটে।

এমএ