বৃহস্পতিবার দিবাগত রাতব্যাপী সিরিয়ায় আইএস-এর বিভিন্ন অব্স্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। হামলায় আইএস-এর চারটি ট্যাংক বিধ্বস্ত হয়েছে। শুক্রবার মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
এ ছাড়া, ইরাকে আইএস-এর অবস্থানে আলাদা হামলায় আরেকটি ট্যাংক বিধ্বস্ত হয়েছে। ওই রাতে ইরাকে আইএস (ইসলামিক স্টেট)-এর সাতটি অবস্থানে বিমান হামলা চালায় আমেরিকা। হামলস্থলের মধ্যে একটি বাগদাদের নিকটবর্তী অঞ্চলও রয়েছে।
এদিকে, ইরাকে আইএস-কে নির্মূলে মার্কিন জোটকে সহায়তার লক্ষ্যে ৭টি এফ-১৬ জঙ্গি বিমান পাঠাচ্ছে ডেনমার্ক। তবে, এই জঙ্গি বিমানগুলো শুধুমাত্র ইরাকে হামলার ক্ষেত্রে ব্যবহৃত হবে।
অন্যদিকে, ইরাকে আইএস-এর অবস্থানে হামলার জন্য পার্লামেন্টের অনুমতি নেয়ার অপেক্ষায় রয়েছে ব্রিটেন। শুক্রবার বিষয়টি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটি হয়। সূত্র: বিবিসি
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





