বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফর শেষে শনিবার (২৭ মার্চ) রাত ৯টার পর ঢাকা ছেড়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে বিদায় জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বক্তৃতা করেন মোদি।
সফরের দ্বিতীয় দিন শনিবার (২৭ মার্চ) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান। একইদিনে ঢাকার বাইরে সাতক্ষীরা ও গোপালগঞ্জে দুটি মন্দির পরিদর্শন করেন।
বিকেলে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের পাঁচটিরও বেশি সমঝোতা স্মারক সই হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে তিনি বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন করেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তারপরই দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।





