ন্যাটো নেতারা ইউক্রেন প্রশ্নে শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তবে একই দিন মিনস্কে শান্তি আলোচনায় অস্ত্রবিরতির সিদ্ধান্ত হতে পারে বলে এখনো আশা করা হচ্ছে ।
নেতারা ওয়েলসের নিউপোর্টে ন্যাটোর এক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে অংশ নিতে যাচ্ছেন। পশ্চিমা এ সামরিক জোটের জন্য স্নায়ুযুদ্ধ অবসানের পর এটি হচ্ছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন। এ সম্মেলনে আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউক্রেনসহ ইরাক ও আফগানিস্তান সংকট সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনায় তারা ইউক্রেনের সামরিক বাহিনীকে সহযোগিতা দেয়ার জন্য নতুন তহবিল প্রতিষ্ঠা এবং পাঁচ মাসের এ সংঘাতে আহত সৈন্যদের চিকিৎসা প্রদানে সম্মত হয়েছেন।
উল্লেখ্য, এ সংঘাতে ২ হাজার ৬শ’ জনের বেশি লোক নিহত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের রাশিয়ার সামরিক সহযোগিতার জবাবে শুক্রবার মস্কোর বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের ঘোষণা দেয়া হতে পারে।
তবে তারা আরো জানান, মিনস্কে অস্ত্রবিরতি আলোচনা চলতে থাকায় এ অবরোধের বাস্তবায়ন বিলম্ব করা হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনঙ্ক অস্ত্রবিরতি আলোচনার ব্যাপারে ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছেন। এ আলোচনায় রাশিয়ার প্রতিনিধি ও মস্কোপন্থী বিদ্রোহীরা যোগ দেবেন।
ন্যাটো নেতারা ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপে ঘাবড়ে যাওয়া সাবেক সোভিয়েত ব্লকের সদস্য রাষ্ট্রগুলোকে আবারো আশ্বস্ত করতে ইউরোপের পূর্বাঞ্চলে সৈন্য ও সামরিক সরঞ্জাম মোতায়েনের পরিকল্পনা অনুমোদন করতে পারেন বলে ধারণা করা যাচ্ছে।
বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনার পর ন্যাটো প্রধান আন্ডার্স ফগ রাসমুসেন বলেন, ‘শান্তি আলোচনার সময় সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া কোন পদক্ষেপ নেয়নি ।’
তিনি বলেন, ‘এ সংকট নিরসনের পরিবর্তে রাশিয়া সংকটকে আরো ঘণীভূত করেছে।’
ঢাকা, ০৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





