গাজায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার সকালে গাজার একটি বহুতল ভবনে বিমান হামলায় অন্তত দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। খবর রয়টার্স ও আল জাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৩ তলা ওই ভবনটি বোমা হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
ইসরাইলের পক্ষ থেকে হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে, দেশটি অভিযোগ করেছে, গাজা থেকে গতকাল অন্তত ১৩০টি রকেট হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। বেশ কয়েকটি রকেট রাজধানী তেল আবিবের নিকট আঘাত হানে।
এদিকে, হামাস ও ইসরাইলের মধ্যে একটি স্থায়ী চুক্তি করার জন্য মিশর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, হামাস জানিয়েছে, অবরোধ প্রত্যাহারের দাবি মেনে নিলেই কেবল তারা চুক্তির ব্যাপারে আলোচনায় বসতে রাজি। সূত্র: রয়টার্স ও আল জাজিরা
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





