ইয়েমেনের দক্ষিণের প্রাচীন বন্দর শহর এডেনে অবস্থিত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদির প্রাসাদ থেকে হুথিরা বিতাড়িত হয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় প্রাসাদ ছাড়তে বাধ্য হয়েছে হুথি বিদ্রোহীরা।

আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছিুক এডেনের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতভর প্রাসাদে হুথি বিদ্রোহী ও তাদের সমর্থক যোদ্ধাদের ওপর বিমান হামলা চালানো হয়। শুক্রবার ভোরে তারা প্রাসাদ ছেড়ে বেরিয়ে যায়।

ইয়েমেনের গোয়েন্দা কর্মকর্তা এবং সৌদি আরবের গণমাধ্যমও জানিয়েছে, হুথি বিদ্রোহীরা প্রাসাদ ছেড়ে গেছে।

ইয়েমেন সরকারের প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা মুহামেদ কুবাতি আলজাজিরাকে জানিয়েছেন, বিদ্রোহী হুথিরা এডেনের প্রাসাদ দখল করে জনপ্রিয়তা কুড়ানোর জন্য। সেখানে তারা বেশি দিন স্থায়ী হবে না।

তবে মুহামেদ কুবাতি এও বলেছেন, হুথিদের পিছু হঠার চেয়েও বড় ইস্যু বেসামরিক লোকজনের ভোগান্তির বিষয়টি।

উল্লেখ্য, সৌদি আরবের নেতৃত্বে সুন্নি দেশগুলোর সামরিক জোট ইয়েমেনে বিমান হামলা চালানোর পর থেকে দেশটির সাধারণ মানুষ জীবনের ঝুঁকিতে পড়েছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে হাজারো মানুষ। একটি আশ্রয় শিবিরে বিমান হামলার পর লোকজনের মধ্যে আতঙ্ক আরো বেড়ে গেছে।

এডেনে হাদির প্রাসাদের নাম আল মাশিক। হাদি অনুসারী সরকারি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধের পর প্রাসাদ দখল করে নেয় হুথিরা। ওই সময় সরকারি বাহিনীর সদস্যরা প্রতিবেশী সৌদি আরবে পালিয়ে যায়।

জেআই