মিয়ানমারে দুর্বৃত্তের গুলিতে নিহত শীর্ষ মুসলিম আইনজীবী ও ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আইনি পরামর্শক কো নি'র নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ্রগ্রহণ করেছেন।
সোমবার দুপুরে রাজধানী ইয়াংগুনে নামাজে জানাযা শেষে শহরতলীর মুসলিম কবরস্থানে আইনজীবী নিকে দাফন করা হয়।
এতে ক্ষমতাসীন এনএলডির সিনিয়র নেতৃবৃন্দ, ইমাম, বৌদ্ধ ভিক্ষু এবং ব্যাপক সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
ইন্দোনেশিয়া সফর শেষে রোববার বিকালে দেশে ফেরার পর ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিংয়ে নাতিকে সঙ্গে নিয়ে গাড়ির জন্য অপেক্ষাকালে কো নিকে গুলি করে হত্যা করা হয়।
কাই লিন নামে এক দুর্বৃত্ত নাইন এমএম পিস্তল দিয়ে ৫৩ বছর বয়সী কো নি'র মাথায় গুলি করে হত্যা করে। এ সময় ঘাতককে আটকাতে গিয়ে এক টেক্সি চালকও গুলিতে নিহত হয়েছেন।
এ ঘটনায় ঘাতক কাই লিনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে কো নিকে তার রাজলনৈতিক ভূমিকার কারণে হত্যা করা হয়েছে বলে মনে করছে ক্ষমতাসীন এএলডি এবং তার পরিবারের সদ্যরা।
মিয়ানমারের তথ্যমন্ত্রী পি মিন্টের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে কো নি ইন্দোনেশিয়া সফর করেন।
ইন্দোনেশিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জাতীয়ভাবে বিরোধ মেটানোর অভিজ্ঞতা জানতে সরকারি কর্মকর্তা ও মুসলিম নেতাদের প্রতিনিধিদলটি দেশটি সফর যান।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির দল এনএলডি ২০১৬ সালে ক্ষমতায় আসে। এনএলডি ক্ষমতায় যাওয়ার অনেক আগেই সংবিধান সংশোধনীর কাজ শুরুর সঙ্গে যুক্ত ছিলেন কো নি।
মিয়ানমারে জাতীয় বিরোধ মেটাতে কো নি সংবিধান সংশোধনের জোরালো সমর্থনকারীদের মধ্যে অন্যতম। এ নিয়ে সম্প্রতি সু চির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। যদিও এনএলডি ক্ষমতায় আসার পর অনেকের ধারণা ছিল মিয়ানমারের অ্যাটর্নি জেনারেল হবেন কো নি।
কো নি'র এ হত্যার মধ্য দিয়ে মিয়ানমারে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে নিয়ে জাতীয় বিরোধ নিষ্পত্তির পথ অনেকটা রুদ্ধ হয়ে গেল। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি এক টুইট বার্তায় কো নি'র হত্যার গভীর নিন্দা জানিয়েছেন।
দেশটির সবচেয়ে বিখ্যাত ও সম্মানিত মুসলিম আইনজীবী হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।
সূত্র: এএফপি ও বিবিসি।
মাহমুদ





