একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান।

রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও নিদারুণ যন্ত্রণার সঙ্গে লক্ষ্য করলাম, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় দুর্ভাগ্যজনকভাবে কার্যকর করা হলো। এ ঘটনায় পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা এর আগেও দেখেছি, বাংলাদেশে ত্রুটিপূর্ণ বিচারের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিক্রিয়া দেখিয়েছে।’

এমআর