জাপানে আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী শিনজো আবে ও তার নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বড় ধরনের জয় পেয়েছে।

দেশটির দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জোটের অপর দল কোমেইতো পার্টি মিলে ৩১৩ আসন পেয়েছে। খবর জাপান টাইমস ও সিএনএনের।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবে তিন দফায় ক্ষমতায় সবচেয়ে দীর্ঘমেয়াদ পার করবেন।

সাধারণ নির্বাচনের স্বাভাবিক সময় অনুযায়ী, আগামী বছর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আবে সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবে দেশটির সংবিধান পরিবর্তনের উদ্যোগ নিচ্ছেন। এ জয়ের ফলে সংবিধান সংশোধনে তাদের আর কোনো বাধা থাকবে না।

নির্বাচনে জয়ী হয়ে সোমবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে তার প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান শিনজো আবে।

তিনি বলেন, তার প্রধান কাজ হবে দেশবাসীর নিরাপত্তার স্বার্থে উত্তর কোরিয়া পাগলামীর সমুচিত জবাব দেয়া।

রোববার সকালে শুরু হওয়া ভোট ঘূর্ণিঝড়ে বাধাগ্রস্ত হয়। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ৪৭ প্রদেশে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫ আসনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), টোকিওর প্রথম নারী গর্ভনর ইরিকো কইকের নেতৃত্বাধীন কিবো নো তো পার্টি এবং প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির (ডিপি) নেতৃত্বাধীন জোট প্রতিযোগিতা করে।

এএস