দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার তিনি দাবি করেছেন, তারা 'বিজয়' লাভ করেছেন।
কেজরিওয়াল জনিয়েছেন, আন্দোলনের মুখে দুই জন পুলিশকে প্র্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
অবস্থান ধর্মঘটের সমাপ্তি ঘোষণার আগে যারা কর্মসূচীতে যোগ দিতে আসেন, তাদের সাথে আজ পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই জন পুলিশসহ মোট ১২ জন আহত হন।
নারীর নিরাপত্তা দিতে ব্যর্থতা, ক্ষমতায় থাকা আম আদমি পার্টির রাজ্য সরকারের মন্ত্রীর সঙ্গে কয়েকজন পুলিশ অফিসারের দুর্ব্যবহার করা- এই দুই অভিযোগের ভিত্তিতে কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে  কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেয়ার দাবিতে ভারতের রাজধানী দিল্লিতে দুই দিন ধর্মঘট পালন করেন কেজরিওয়াল ও তার সমর্থকরা।
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের সামনে ধরনা দিয়ে বসতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। জারি করা হয় ১৪৪ ধারা। সমর্থকদের রুখতে ওই এলাকার অন্তত পাঁচটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে একটু দূরে রেলভবনের সামনে অবস্থান কর্মসূচি (ধরনা) শুরু করেন কেজরিওয়ালসহ দিল্লির সব মন্ত্রী।