রাশিয়ার সংসদের উচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভেলেন্টিনা মাতভিয়েনকো বলেছেন, ভেনিজুয়েলায় সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে মস্কো প্রয়োজনীয় সব কিছু করবে।

আজ (০৩ ফেব্রুয়ারি) রোববার মস্কোতে ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেছেন।

রুশ স্পিকার আরও বলেন, মার্কিন উসকানির কারণে ভেনিজুয়েলায় রক্তপাত ঘটতে পারে। আর সেটাকে সামরিক আগ্রাসনের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে আমেরিকা। রাশিয়া এই ধরণের পদক্ষেপ ঠেকাতে সর্বশক্তি নিয়োগ করবে বলে তিনি জানান।  

গত কিছু দিন ধরে ভেনিজুয়েলায় মারাত্মক রাজনৈতিক সংকট চলছে। দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এবং আমেরিকা তাকে স্বীকৃতি দিয়েছে।

শুধু তাই নয়, দেশটিতে সামরিক অভিযান চালানোরও হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মাদুরো তার অবস্থানে অনড় রয়েছেন।

রাশিয়া, চীন, তুরস্ক ও ইরান ভেনিজুয়েলার বৈধ সরকারকে উৎখাতের হুমকির নিন্দা জানিয়েছে। 

এমবি