ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৭২-এ দাঁড়িয়েছে। নিহতের মধ্যে ৩০ ভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সাতদিনের এই সহিংসতা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা। ইসরায়েলের বিমান এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ গাজার ২০৪টি স্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রোববার রাতভর এই অভিযান চলেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গত দুই বছরের মধ্যে দুই পক্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলা হচ্ছে এটাকে। অন্যদিকে, ফিলিস্তিনের হামাস গোষ্ঠী ইসরায়েলে ২০টি রকেট হামলা চালালেও এতে কেউ হতাহত হয়নি। হামাস নেতা ইজ্জত আল-রেসিক স্থানীয় এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ভয়ংকর যুদ্ধ শুরু করেছেন এবং তারই উচিত এটা শেষ করা।

ইসরায়েল জানিয়েছে, গাজার একটি ড্রোন তারা ভূপাতিত করেছে। রোববার ভোরে ইসরায়েলি বিমান হামলায় গাজায় তিন বছর বয়েসি একটি মেয়েশিশু মারা গেছে। এরও কয়েক ঘণ্টা আগে গাজার পুলিশ প্রধানের বাসভবন লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক বলে জানিয়েছেন তাঁরা। এরই মধ্যে গাজায় কমান্ডো অভিযানও শুরু করেছে ইসরায়েল৷ হামাস যোদ্ধাদের সঙ্গে রোববার সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েলের নৌ কমান্ডোরা। গাজায় ইসরায়েলের ছয় দিনব্যাপী বিমান হামলার মধ্যে এটিই সেখানে প্রথম স্থল হামলা বলে মনে করা হচ্ছে।

আরব লিগের বৈঠক

এই সংকট নিরসনে সোমবার রাতে কায়রোতে বৈঠকে বসার কথা আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের৷ আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত চাপের কারণে সহিংসতা বন্ধে আলোচনায় বসতে সম্মত হয়েছেন এই নেতারা।

পালাচ্ছে মানুষ

জাতিসংঘ জানিয়েছে, দু'পক্ষের সংঘর্ষ শুরুর পর অন্তত ৭০ হাজার মানুষ গাজা ছেড়ে অন্যত্র চলে গেছে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১,২৩০ জন। গাজাভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, গাজার ৮৬৯টি বাড়ি ইসরায়েলের হামলায় বিধ্বস্ত হয়েছে। ঘটনার শুরু তিন ইসরায়েলি কিশোরকে অপহরণ ও নিহতের ঘটনার জের ধরে৷ ঐ তিন কিশোরকে অপহরণ ও নিহতের জন্য হামাসকে দায়ী করে ইসরায়েল। পরে সন্দেহভাজনদের ধরতে গাজায় সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। হামাস যোদ্ধা সন্দেহে গাজার শতাধিক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়৷ পরে এক ফিলিস্তিনি কিশোরকে পুড়িয়ে মারার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। গাজা থেকে রকেট হামলা চালানো হচ্ছে অভিযোগ তুলে সেখানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। সূত্র: ডয়েচে ভেলে।

ঢাকা, ১৫ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস