মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। সম্প্রতি ট্রাম্প ইরাকি তেলের নিয়ন্ত্রণ গ্রহণ করা উচিত ছিল বলে মন্তব্য করে ছিলেন।
তিনি বলেছেন, ইরাকি তেল এদেশের জনগণের সম্পদ, এতে কোনো বহিঃশক্তিকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না।
গত শনিবার সিআইএ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় ট্রাম্প বলেছিলেন, ২০০৩ সালে সাদ্দামকে ক্ষমতাচ্যুত করার অভিযানের ক্ষতিপূরণ হিসেবে আমেরিকার উচিত ছিল ইরাকের তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করা।
যদি সেটি করা হতো তাহলে তেলের উৎসের অভাবে আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলোর উত্থানও হতো না বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যতে হয়তো ফের ইরাকি তেল দখলের সুযোগ আসবে বলেও মন্তব্য করেন তিনি।
এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে এবাদি বলেন, ‘ট্রাম্প কি ২০০৩ সালের কৃতিত্ব নিতে চান নাকি সন্ত্রাসীদেরকে তেল ক্ষেত্রের দখল নেয়া প্রতিহত করতে চান- সেটা পরিষ্কার হয়নি। তবে যেটা ধ্রুব সত্য তা হচ্ছে, সাংবিধানিকভাবে ইরাকি তেল এদেশের জনগণের সম্পদ।’
ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে এই নিশ্চয়তা পেয়েছি যে, ইরাকের প্রতি তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে এবং তা আরও বাড়বে।’
রয়টার্স।
নাজিব





