নির্বাচনে প্রচারণা চলাকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্প শিবিরের সহযোগীদের সঙ্গে রাশিয়ানদের যোগসূত্রতা ছিল এবং তারা যোগাযোগ রক্ষার মাধ্যমে হিলারীর নির্বাচনী প্রচারনায় বিরুপ প্রভাব তৈরি করছে বলে তথ্য রয়েছে এফবিআই’র কাছে, বার্তা সংস্থা সিএনএনকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদন বিশ্লেষণে উঠে আসে, মার্কিন নির্বাচনে রাশিয়ান সংশ্লিষ্টতা বিষয়ক তদন্তে নতুন মাত্রা পেয়েছে- যেখানে গত সোমবার গোয়েন্দা সংস্থা এফবিআই’র প্রধান জেমস কোমি দেশটির কংগ্রেশনাল তদন্ত কমিটির কাছে বিস্ফোরক তথ্য দিয়েছেন এই ব্যাপারে।
এ ঘটনায় এফবিআই এখন পর্যন্ত নির্বাচন চলাকালীন সময়ে উভয় শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মানুষের আচরণ, ভ্রমণ, ব্যবসা এবং ফোন রেকর্ড পর্যালোচনা করছে। মার্কিন কর্মকর্তারা আরো জানিয়েছেন, এফবিআই’র সব তথ্যই এখনো পুরোপুরি আমলে না নেয়া হলেও তদন্তের স্বার্থে এগুলোকে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তারা।
সোমবার কংগ্রেশনাল কমিটির কাছে কোমির দেয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের সহযোগীদের সঙ্গে রাশিয়ান সন্দেহভাজনদের সংশ্লিষ্টতা যাচাইয়ে সবধরনের তথ্যই খোঁজা শুরু করে দিয়েছে এফবিআই। এ পর্যন্ত পাওয়া উপাত্ত বিশ্লেষণ শেষে উভয় দেশের প্রতিনিধিদের গোপন সমন্বয় একেবারে উড়িয়ে দিচ্ছেন না তারা। তাদের ধারণা, নির্বাচনে সহযোগীরা বিদেশের এজেন্ট হিসেবেও কাজ করে থাকতে পারেন বলে অনেকের বিশ্বাস।
তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউজ। এমনকি এফবিআইও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেছে। কিন্তু হোয়াইট হাউজের প্রেস সচিব শন স্পাইসার বলেছেন, কংগ্রেশনাল কমিটির কাছে কোমির দেয়া তথ্যে মার্কিন-রাশিয়া সংযোগের সুনির্দিষ্টতা পাওয়া যায়নি। সিএনএন।
জেড





