সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় সসস্ত্র সংগঠন আল-শাবাবের প্রধান নেতার মৃত্যুর পর নতুন প্রধানের নাম ঘোষণা করেছে দলটি।সংগঠনটির পক্ষ থেকে রবিবার এক বিবৃতির মাধ্যমে শেখ আহমেদ উমর আবু উবায়দাকে তাদের নতুন নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তিনি ২০০৬ সালে আল-শাবাবে যোগদান করেন।

এর আগে গত শুক্রবার সংগঠনটির সাবেক প্রধান আহমেদ গোদানেকে হত্যার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। দক্ষিণ-মধ্য সোমালিয়ায় গত সোমবার চালানো যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন তিনি।

আল-শাবাবের পক্ষ থেকেও গত শনিবার গোদানের নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়। সংগঠনটির রবিবারের বিবৃতিতে নতুন নেতার নাম ঘোষণার পাশাপাশি আল-কায়েদার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করা হয়েছে। একই সঙ্গে গোদানেকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংগঠনটি।
২০০৮ সাল থেকে সংগঠনটির প্রধান হিসেবে দায়িত্ব পালন আসছিলেন গোদানে।

ঢাকা, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, টিআই