ইরাকে বিমান হামলার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির উত্তরে সুন্নী বিদ্রোহীদের সংগঠন ইসলামিক স্টেটের (সাবেক আইএসআইএল) কে দমন করতেই তিনি অনুমতি দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দেশটির একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয় ইরাকে বিমান হামলার কথা ভাবছেন ওবামা।

ওই কর্মকর্তা জানান, ইরাকের উত্তরে সুন্নী বিদ্রোহীদের সংগঠন ইসলামিক স্টেটের কাছে আক্রান্ত সংখ্যালঘুদের জন্য মানবিক সহায়তা দেয়ারও সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বারাক ওবামা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

তিনি জানান, ইরাকে মার্কিন সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং প্রেসিডেন্ট ওবামা ও তার জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৃহস্পতিবার সকালে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলেন, ‘ইরাকে মানবিক বিপর্যয় বিবেচনায় দেশটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।’

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ