ইয়েমেনের দক্ষিণাঞ্চলে প্রেসিডেন্ট আবেদ্রাব্বো মনসুর হাদির ঘাঁটি এডেনে বৃহস্পতিবার তার অনুগত মিলিশিয়া বাহিনীর সাথে দেশটির বিশেষ বাহিনীর লড়াইয়ে পাঁচজন নিহত হয়েছে। সেখানে প্রেসিডেন্টের অনুগত ও বিরোধী পক্ষের মধ্যে এ যুদ্ধে বাধ্য হয়ে আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, ভারি অস্ত্র নিয়ে সৈন্যরা বিমানবন্দরের সীমানার মধ্যে ঢুকে পড়লেও হাদি অনুগত বাহিনী বিমানবন্দরের রানওয়ে দখলে রাখতে সক্ষম হয়। ইয়েমেনের বিশেষ বাহিনী শিয়া মিলিশিয়াদের সহযোগিতায় রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে।
ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের এডেন শাখার আশপাশসহ বন্দর নগরীর বিভিন্ন স্থানে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এদিকে বিশেষ বাহিনীর কমান্ডার আব্দেল হাফিজ আল-সাক্কাফ রাতে নগরীর বিভিন্ন স্থানে সৈন্য মোতায়েন করেছেন।
সাক্কাফের ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রেসিডেন্টের অনুগত মিলিশিয়া বাহিনীর সাথে এ লড়াইয়ে বিশেষ বাহিনীর তিন সৈন্য নিহত ও ছয়জন আহত হয়েছে।
এদিকে মিলিশিয়া বাহিনী জানায়, লড়াইয়ে হাদির অনুগত দু’জন নিহত ও ছয়জন আহত হয়।
এ যুদ্ধের বৃহস্পতিবার এ আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ভ্রমণকারীদের ফিরে যেতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারে হামলা করা হয়।
উল্লেখ্য, শিয়া মিলিশিয়া বাহিনী রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে হাদিকে গৃহবন্দি করে। গত মাসে হাদি সেখান থেকে পালিয়ে এডেনে আশ্রয় নেন এবং ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এ বন্দর নগরীতে তার কর্তৃত্ব পুন:প্রতিষ্ঠার আহবান জানান।
এমএ





