ইহুদিবাদী ইসরাইলের হাতে ফিলিস্তিনি নাগরিকরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কিনা তা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রম। অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের চলমান জাগরণে ইসরাইলি সেনারা দফায় দফায় হত্যাকাণ্ড চালানোর পর ওয়ালস্ট্রম এ আহ্বান জানালেন। গত আগস্ট থেকে শুরু হওয়া গণজাগরণে এ পর্যন্ত ইসরাইলি সেনাদের গুলিতে প্রায় ১৫৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের মৃত্যুর বিষয়ে পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত যাতে সম্ভাব্য দোষীদের চিহ্নিত করা ও সাজার আওতায় আনা যায়। ইসরাইলের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সুইডেনের সংসদে বিতর্কের সময় তিনি এসব কথা বলেন।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্যাতন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে যেসব দেশ অনেক বেশি সরব তার মধ্যে সুইডেন হচ্ছে একটি। ২০১৪ সালের ৩০ অক্টোবর সুইডেন স্বাধীন দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর কিছুদিন আগেই ওয়ালস্ট্রমের দল নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় বসে।

এমএম