রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ৬ জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ইরান বেরিয়ে যাবে বলে তিনি মনে করেন না।
শুক্রবার (০৬ জুলাই) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আমেরিকা ছাড়া বাকি ৫ জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের বৈঠকের পর ল্যাভরভ এ আশাবাদ ব্যক্ত করেন।
ভিয়েনা বৈঠকে ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার উপায় নিয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরও তেহরান যাতে ওই সমঝোতার অর্থনৈতিক সুবিধাগুলো পেতে পারে সে লক্ষ্যে ইরান ও অবশিষ্ট ৫ দেশের বিশেষজ্ঞরা নিরলস কাজ করে যাচ্ছেন।
ল্যাভরভ বলেন, আমেরিকা ছাড়া পরমাণু সমঝোতার অবশিষ্ট ৫ দেশ ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের হুমকি-ধমকির তীব্র নিন্দা জানাচ্ছে।
তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানও এটি থেকে বেরিয়ে যেতে পারত। কিন্তু তেহরান তা করবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
এমবি





