এতদিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার অতি সাধারণ জীবন যাপন করছিলেন। কেউই আলাদা করে ভেবে দেখেনি তার কথা। কিন্তু হঠাৎই একটা হলফনামা বদলে দিল সব কিছু।
বহু টালবাহানার পর বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র দামোদর মোদী সরকারিভাবে স্বীকার করে নিলেন সাধারণ সেই স্কুল শিক্ষিকাই তার স্ত্রী। ব্যাস। বদলে গেল সব কিছু। হঠাৎ করেই দেশের মিডিয়ার সব স্পট লাইট ঘুরে গেল তার দিকে। নির্বাচনের ভরা বাজারে আলোচনার কেন্দ্রবিন্দু তিনিই। কিন্তু কোথায় তিনি? যশোদাবেন মোদী? কোথায় তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না!
বুধবার ভাদোদাড়াতে মোদীর নমিনেশন জমা দেওয়ার পর থেকেই যশোদাবেনের খোঁজে হন্য হয়ে ঘুরছে তামাম ভারতের মিডিয়া কুল। কিন্তু বেমালুম অদৃশ্য হয়ে গেছেন মোদী পত্নী। এবার তার উপর মিডিয়ার অতি উৎসাহ ঝাঁপিয়ে পড়বে, এই সম্ভাবনা আঁচ করেই গা ঢাকা দিয়েছেন যশোদাবেন। কেউ কেউ আবার বলছে ৪০ জন মহিলার সঙ্গে এখন তিনি চার ধাম দর্শনে বেড়িয়েছেন।
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর স্ত্রী তার অবসরের আগে এক সহকর্মীর কাছে আক্ষেপ করে জানিয়েছিলেন তিনি তার স্বামীর কাছ থেকে কিছুই আর আশা করেন না, শুধু মাত্র চান মোদী যেন তাকে অন্তত স্ত্রী হিসাবে স্বীকার করে নেন। যশোদাবেনের ঘনিষ্ট আত্মীয়রা জানিয়েছেন মোদী যাতে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সেই প্রার্থনায় গত কয়েক মাস ধরে ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। দিনে মাত্র একবার খাচ্ছেন তিনি। সূত্র: জি নিউজ
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]