ন্যাটো প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন মঙ্গলবার রাশিয়াকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া ইউক্রেনে ফের হস্তক্ষেপ করলে তারা ‘ঐতিহাসিক ভুল’ করবে।
ক্রেমলিনপন্থী যোদ্ধারা পূর্বাঞ্চলে বেশ কয়েকটি নগরীতে সরকারি ভবন দখল করে নেয়ার পর তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রাসমুসেন রাশিয়াকে ইউক্রেন থেকে হাত গুটানোর আহবান জানান।
রাসমুসেন প্যারিসে এক সেমিনারে বলেন, ‘আমি রাশিয়াকে পিছিয়ে আসার এবং পূর্ব ইউক্রেনে পরিস্থতি আরো অবনতি না ঘটানোর আহবান জানাই।’
তিনি বলেন, ‘রাশিয়া ইউক্রেনে আরো হস্তক্ষেপ করলে তা হবে ঐতিহাসিক ভুল। এটি রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব ফেলবে এবং রাশিয়াকে আন্তর্জাতিকভাবে আরো একঘরে করে ফেলবে।’
এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে অস্থিতিশীলতা উস্কে দেয়ার অভিযোগ তুলে ক্রেমলিনকে ইউক্রেনের পরিস্থিতি অস্থিতিশীল করার প্রচেষ্টা বন্ধের আহবান জানিয়েছে।
তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে। উল্টো রাশিয়া মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলে কোনো ধরনের বলপ্রয়োগের বিরুদ্ধে ইউক্রেনকে সতর্ক করে দিয়ে বলেছে, এটি দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]