পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট সমাধানে দেশটির সেনাপ্রধান রাহিল শরীফকে মধ্যস্থতাকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শুক্রবার সংসদে বলেছেন, পিটিআই নেতা ইমরান খান ও পিএটি নেতা ড. তাহিরুল কাদরি’র অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের অনুমতি দেয়া হয়েছে।

তিনি বলেন, "তারা বৈঠকে বসার অনুরোধ জানানোর পর সেনাপ্রধান রাহিল শরীফ আমাকে ফোনে বিষয়টি জানান এবং আমি তাকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের অনুমতি দিয়েছি।"

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, দুই বিরোধী গোষ্ঠীই অন্য কোনো প্রতিষ্ঠানের দেয়া সমাধান মেনে না নেয়ায় সেনা প্রধানকে মধ্যস্থতাকারীর দায়িত্ব দেয়া ছাড়া উপায় ছিল না। তিনি দাবি করেন, সেনাবাহিনী সরকারের সঙ্গে আছে। কিন্তু আন্দোলনকারীরা সেনাবাহিনীর নাম ব্যবহার করছে। তিনি বলেন, পাকিস্তানের জন্য এটি একটি কঠিন সময়। তবে সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন দিচ্ছে।

এদিকে,পাকিস্তানের প্রধান বিরোধী দল পিপিপি’র নেতা খুরশিদ শাহ বলেছেন, তারা অগণতান্ত্রিক শক্তির কাছে মাথানত করবেন না। যদি সরকারের পক্ষ থেকে তা করা হয়,তাহলেও তারা তা মানবেন না।

গত সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই এবং ড. তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পিএটি সম্প্রতি ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে। এর ফলে মারাত্মক চাপের মুখে রয়েছে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন সরকার।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই