ইউক্রেনের পার্লামেন্টে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সঙ্গে ধারাবাহিক যৌথ সামরিক মহড়া চালানোর বিষয়টি অনুমোদন করেছে। আজ মঙ্গলবার পার্লামেন্টের এ সংক্রান্ত বিল ২৩৫-০ ভোটে পাস হয়।
ভোটাভুটির পর দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো কোভাল বলেছেন, “এটি আমাদের সশস্ত্র বাহিনীর উন্নয়নের একটি ভালো সুযোগ।”
এ বিল অনুযায়ী ন্যাটোর সঙ্গে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হলে ক্রিমিয়া উপদ্বীপে মোতায়েন রুশ সেনাবাহিনীর একেবারে কাছাকাছি চলে যাবে মার্কিন সেনারা।
ক্রিমিয়ার পাশাপাশি ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশের ব্যাপারে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ইউক্রেনের পার্লামেন্টে এ বিল অনুমোদিত হলো। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, সম্প্রতি ইউক্রেন সীমান্তে রুশ সেনা সংখ্যা ৪০ হাজার পর্যন্ত পৌঁছেছিল।
ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটের জের ধরে সম্প্রতি প্রজাতন্ত্রটি রাশিয়ায় যোগ দেয়ার পর ন্যাটো বাহিনী তার পূর্ব সীমান্তে সামরিক শক্তি জোরদারের চিন্তাভাবনা শুরু করেছে।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডিডটকম) // টিআই
[/b]





