ইরাকের আনবার প্রদেশে রোববার রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে প্রাদেশিক পুলিশের প্রধান মেজর জেনারেল আহমেদ সাদ্দাগ নিহত হয়েছেন। এ এলাকায় নতুন করে জিহাদিদের হামলার ব্যাপারে পেন্টাগন উদ্বেগ প্রকাশ করার পর এ ঘটনা ঘটলো।

প্রাদেশিক ও পুলিশ কর্মকর্তারা জানান, আনবার প্রদেশের রাজধানী রামাদির কাছে বোমা হামলায় তিনি নিহত হন। বাগদাদ ও সিরিয়ার সীমান্তের মধ্যে যে কয়টি এলাকা ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের নিয়ন্ত্রণে নেই তার মধ্যে রামাদি অন্যতম।

প্রাদেশিক পরিষদের উপ-প্রধান ফালেহ আল-ইসাবি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, রামাদির উত্তর-পশ্চিমাঞ্চলের আবু রিশা জেলায় রোববার সকালে মেজর জেনারেল আহমেদ সাদ্দাগের গাড়ি বহর লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে সাদ্দাগ নিহত হন।

প্রদেশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সাদ্দাগের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, হামলায় আরো চার পুলিশ আহত হয়েছে।

কর্নেল আব্দুল রহমান আল-জানাবি বলেন, আইএসের কাছ থেকে টুই এলাকার পুনর্দখল নিতে অভিযানের নেতৃত্বে ছিলেন সাদ্দাগ।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ওই এলাকায় জিহাদি ও সরকারি সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়।

এসএমএ