ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৪৪ হুতি বিদ্রোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।
শনিবার রাজধানী সানায় সেনাবাহিনীর সদর দফতরে বেতন নেওয়ার সময় ওই হামলা চালানো হয়।
ইয়েমেনের সেনা কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার হুতি যোদ্ধাদের সহযোগী সেনারা তাদের বেতন নেওয়ার জন্য সানার সেনা দফতরে জড়ো হয়েছিল। এ সময় সেখানে চারটি বোমা বিস্ফোরণ ঘটে।
হুতিদের পরিচালিত সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ৪৪ জনের বেশি নাগরিক শহীদ হয়েছে এবং নারী ও পুরুষসহ আহত হয়েছে শতাধিক।’
বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, সানায় কেন্দ্রে অবস্থিত সশস্ত্র বাহিনীর হাইকমান্ড ভবনকে লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়েছিল।
এর আগে শনিবার সৌদি আরবকে লক্ষ্য করে স্কাড ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুতি যোদ্ধারা। সৌদি আরব তা ধ্বংস করে দেয়। এর জবাবে ওই হামলা চালায় সৌদি আরব।
চলতি বছরের শুরুতে ইয়েমেনের সুন্নিপন্থি প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে শিয়াপন্থি হুতিরা। পরে হাদি সৌদি আরব পালিয়ে যান। হুতিদের রুখতে ২৬ মার্চ ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। (তথ্যসূত্র : আলজাজিরা)
এমকে





