ইরাকের রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলের কিরকুক শহরে শনিবার পৃথক বোমা হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন।

তেলসমৃদ্ধ কিরকুক শহরের জনবহুল একটি বাণিজ্যিক এলাকায় তিনটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছেন কিরকুকের সহকারী পুলিশ প্রধান আব্দেল-রাহমান।

এর আগে দেশটির পূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশে সুন্নি সম্প্রদায়ের মসজিদে শিয়া অস্ত্রধারীদের হামলায় অন্তত ৭৩ জন নিহত হওয়ার এক দিন পরেই এই হামলার ঘটনা ঘটল।
দুটি গাড়ির মধ্যে বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। সেখান থেকে মৃতদের লাশ বের করার সময় গাড়ির ভেতরে ও পাশের দোকানে থাকা মানুষের শরীর পুড়তে দেখেছেন বলেও জানিয়েছেন ওই ব্যক্তি।

এদিকে বাগদাদের কাররাদা জেলায় গোয়েন্দা বিভাগের সদর দফতরে আত্মঘাতী এক হামলাকারী বিস্ফোরকপূর্ণ একটি গাড়ি চালিয়ে গেলে বিস্ফোরণে ৬ বেসামরিক নাগরিক ও ৫ নিরাপত্তাকর্মী নিহত হন বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।

নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা। চলতি বছরের শুরুর দিকে আইএস সদস্যদের আক্রমণে অস্থিতিশীল হয়ে ওঠে ইরাক। দেশটির পশ্চিম ও উত্তরাঞ্চলের বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আইএস। সূত্র: আল-জাজিরা।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই