যুক্তরাষ্ট্রের আগ্রহকে স্বাগত জানিয়ে লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তে এফবিআইকে যুক্ত করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার।

হত্যাকাণ্ডের পর তিন দিনেও বাংলাদেশের তদন্তকারীরা কোনো কূল-কিনারা খুঁজে না পাওয়ার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোববার এই সিদ্ধান্ত বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ হত্যাকাণ্ডের পরপরই ওয়াশিংটনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিয়মিত একে প্রেস ব্রিফিংয়ে তদন্তে আগ্রহর কথা জানান।

গত বৃহস্পতিবার রাতে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায় কুপিয়ে হত্যা করা হয়।

চলমান পরিস্থিতি নিয়ে রোববার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মিশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আলী, সেখানেই অভিজিৎ হত্যাকাণ্ডের বিষয়টি আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিজিৎ হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন, তাদের চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব ইতিবাচকভাবে নেওয়ার সিদ্ধান্ত কূটনীতিকদের জানানো হয়েছে।

জেএ