গাজায় মধ্যাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন নারী ও ২ জন শিশু ছিল। ইসরাইল শনিবার ভোরে এ হামলা চালায়।
গাজার জরুরী সার্ভিসের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা জানান, নুসিরাত ক্যাম্পের একটি বাড়িতে বিমান হামলায় তারা নিহত হয়। নিহতরা হলেন ২৮ বছর বয়সী গৃহকর্তা, তার ২৬ বছর বয়সী স্ত্রী এবং তিন ও চার বছর বয়সী দুই পুত্র সন্তান। এছাড়া হামলায় গৃহকর্তার ৪৫ বছর বয়সী খালাও নিহত হন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে গাজায় তারা প্রায় ২০ বার বিমান হামলা চালিয়েছে। এছাড়া গাজার সাথে দক্ষিণ ইসরাইলি সীমান্তে ৩টি রকেট হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।
বিভিন্ন দফায় সাময়িক অস্ত্রবিরতির পর ইসরাইল ও গাজার শাসক হামাসের মধ্যে ছয় সপ্তাহের এ পাল্টাপাল্টি সংঘর্ষ মঙ্গলবার আবারো শুরু হয়। মিশরের মধ্যস্থায় অস্ত্রবিরতি আলোচনা ভেস্তে যাওয়ায় এটি শুরু হয়।
গাজা জরুরী সার্ভিস জানায়, পুনরায় লড়াই শুরুর পর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে শুক্রবার হামাসের মর্টার হামলায় এক ইসরাইলি শিশু নিহত হয়। এদিন অপর এক রকেট হামলায় সাতজন আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
গত ৮ জুলাই এ সংঘাত শুরুর পর থেকে ইসরাইলের আগ্রাসী হামলায় কমপক্ষে ২ হাজার ৯৫ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। এদিকে জাতিসংঘ জানায়, ইসরাইলের হামলায় নিহতদের প্রায় ৭০ শতাংশ বেসামরিক নাগরিক। সূত্র: এএফপি
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





