মুম্বাই হামলা মামলার অগ্রগতির ব্যাপারে জানতে ভারতে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত অভিযোগ করছে, পাকিস্তান তার দেশে চলমান এই মামলার কার্যক্রম স্থগিত করে রেখেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এদিকে, পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন বলেও জানা গেছে।

পাকিস্তানে চলমান এই মামলা স্থবির হয়ে যাওয়ায় ভারত তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

জানা গেছে, নয়াদিল্লি ও ইসলামাবাদ উভয় স্থানে দু দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠকে মামলার অগ্রগতির ব্যাপারে আলোচনা হয়েছে। মামলার তদন্তে পাকিস্তানের কর্তৃপক্ষের তৎপরতার ব্যাপারেও ভারত জানতে চায়।

বৈঠকে ভারতের কর্তৃপক্ষ মামলার ব্যাপারে তার দেশের গুরুত্বের বিষয়টি পুনরায় উত্থাপন করে বলে জানা গেছে। ভারত চায় মুম্বাই হামলা মামলায় জড়িত সকল পক্ষকেই বিচারের আওতায় আনা হোক।

উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাইয়ে এক ভয়ংকর হামলায় ১৬৬ জন নিহত ও শতাধিক আহত হন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ