ইউক্রেনের পূর্বাঞ্চলের সহিসংতা বন্ধে করা মিনস্ক অস্ত্রবিরতি চুক্তিকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোববার জরুরী বৈঠকে বসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কূটনীতিকরা একথা জানান।
চুক্তিটি বাস্তবায়নের ব্যাপারে সকল পক্ষকে আহবান জানিয়ে করা রাশিয়ার একটি খসড়া প্রস্তাব ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন করতে যাচ্ছে। এ চুক্তির আওতায় রোববার অস্ত্রবিরতি শুরু হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের নেতারা এ চুক্তি করেন। রাশিয়ার খসড়া প্রস্তাবে অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়ে এর পূর্ণ বাস্তবায়নের জন্য সকল পক্ষকে আহবান জানানো হয়েছে।
শান্তি পরিকল্পনার ক্ষেত্রে এ অস্ত্রবিরতি হবে কিয়েভ ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের জন্যে প্রথম পরীক্ষা। রোববার মধ্যরাত থেকে এ অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন দীর্ঘ ১০ মাস ধরে চলা এ যুদ্ধের অবসানে তাদের করা প্রতিশ্রুতি মেনে চলতে সকল পক্ষের প্রতি আহবান জানিয়েছেন। উল্লেখ্য, এ যুদ্ধে কমপক্ষে ৫ হাজার ৩০০ লোক প্রাণ হারিয়েছে।
এমএ





