আর্জেন্টিনার চিভিলকয় শহরে সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। শহরটির কাউন্সিল এ ধরনের প্রতিযোগিতা যৌন আকর্ষণ বৃদ্ধি ও নারীদের প্রতি সহিংসতায় উদ্বুগ্ধ করে অভিহিত করে এ সিদ্ধান্ত নেয়।
বুয়েন্স এইরেস অঞ্চলের অন্তর্গত ওই শহরটির কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে, এ ধরনের প্রতিযোগিতা মানুষকে শারীরিক সৌন্দর্য্যের প্রতি আবিষ্ট এবং বুলিমিয়া (ওজনহ্রাস) ও এ্যানোরেক্সিয়া (ক্ষুধামন্দা) জাতীয় রোগের সৃষ্টি করে।
কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, শহরটিতে এখন থেকে সুন্দরী প্রতিযোগিতার পরিবর্তে ইচ্ছামত সাজার প্রতিযোগিতা ও স্বেচ্ছাসেবী কাজের জন্য পুরস্কার দেয়া হবে।
দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট এ্যাগেইনস্ট ডিসক্রিমিনিশন এ্যান্ড জেনোফোবিয়ার পর্যবেক্ষণকারী ম্যারিয়ানো এ্যান্টন জানান, বিভিন্ন প্রদেশে ‘বেশি সুন্দর’ হওয়ার কারণে অনেক তরুণী প্রতিযোগীকে বাজে ঘটনার শিকার হতে হয়। দেশটিতে এ ধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে বলেও জানান তিনি।
লাতিন আমেরিকায় সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীরা পরবর্তী সময়ে সাধারণত বিনোদন জগতের তারকা হিসেবে জীবন-যাপন করে থাকেন।
প্রসঙ্গত, চিভিলকয়ই আর্জেন্টিনার প্রথম শহর হিসেবে সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করল। সম্প্রতি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের পক্ষে জুলিয়া মোরলে জানান, আগামী বছর থেকে এ প্রতিযোগিতায় বিকিনি পর্ব থাকছে না। এটা নারীকে ভোগ্যপণ্যে পরিণত করে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: বিবিসি।
কেএইচ





